নোয়াখালীতে নববধূর আত্মহত্যা
নোয়াখালীর চাটখিল উপজেলায় পলি আক্তার (২১) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। নিহত পালি আক্তার উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের স্ত্রী।
সোমবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে সোমবার ভোররাতে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক ভাবে অক্টোবর মাসের ৪ তারিখে একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাবুর মেয়ের সাথে প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়। নববধূ বরকে পছন্দ হয়নি। বরের বয়স ছিল ৪১ প্লাস। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোন কারণ এখন পর্যন্ত পুলিশ জানাতে পারেনি।
চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, নববধূ সোমবার ভোররাতে শ্বশুরবাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এখন পর্যন্ত আত্মহত্যার কয়েকটি কারণ শোনা যাচ্ছে। তবে সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
