পর্বত কানামোর চূড়ায় লাল সবুজ পতাকা হাতে তিন যুবক
ভারতের হিমাচল প্রদেশের দুর্গম পর্বত হচ্ছে কানামো। উচ্চতা ১৯ হাজার ৬০৯ ফুট। গত ১২ সেপ্টেম্বর এই পর্বত চূড়া জয় করেছেন বাংলাদেশি ৩ যুবক।
এ অভিযানে অংশ নেন- দলনেতা শাহাদাত হোসেন সরকার, শেখ সাদি সজিব, সন্দিপ রায়, সাবিরা সিদ্দিকী মেমী ও আব্দুল্লা আল নূর। তবে পর্বত শ্রেণি মাউন্ট কানামোর চূড়ায় উঠতে পারেননি সাবিরা সিদ্দিকী মেমী ও আব্দুল্লা আল নূর।
৪ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে দলটি। ৮ তারিখে হিমাচল প্রদেশের মানালিতে এক দিনের বিশ্রাম নেয়। এরপর দলটি প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে। ১০ সেপ্টেম্বর অভিযানের প্রাথমিক সিঁড়ি হিসেবে ১৪ হাজার ২০০ ফুট উচ্চতায় কিবের নামে এক পাহাড়ি গ্রামে পৌঁছায়।
ওই রাতেই মাউন্ট কানামো সামিটের জন্য গাইড ও স্থানীয় অ্যাসোসিয়েশন সাথে কথা বলে প্রস্তুতি নেয়া হয়। কিবের গ্রাম থেকেই মূল ট্রেকিং শুরু হয়। ১১ সেপ্টেম্বর সকালে হাইট গেইন (উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়া) করার জন্য চারজন ব্যাকপ্যাকসহ প্রায় ১৫ হাজার ৪১৯ ফুট পর্যন্ত উপরে উঠে। এরপরে আবার কিবের গ্রামে ফিরে আসেন। ১২ সেপ্টেম্বর মূল অভিযান শুরু করেন শাহাদত হোসেন সরকার, শেখ সাদি সজিব, সন্দিপ রায় ও সাবিরা সিদ্দিকী মেমী। দলের সঙ্গে থাকা আব্দুল্লাহ আল নূর অভিযান চলাকালে কিবের গ্রামেই অবস্থান করেন।
শাহাদাত হোসেন সরকার বলেন, ‘১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে আমাদের মূল অভিযানের জন্য ট্রেকিং শুরু করা হয়। সেই সময় হালকা তুষারপাত হচ্ছিল। দুপুরের মধ্যে আমরা ১৫ হাজার ৬৮২ ফুট উচ্চতায় একটি স্থানে বেজ ক্যাম্প স্থাপন করি। তাবুর বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছিল। ওইদিন বিকেলে হাইট গেইনের জন্য আরও প্রায় ৯৮৪ ফুট উচ্চতায় উঠে আবার বেজ ক্যাম্পে ফিরে আসা হয়। ’
তিনি আরও বলেন, ‘বাইরে তখন ঠান্ডা বাতাস আর তাপমাত্রা হিমাঙ্কের নিচে। রাত ২টায় আমরা স্যুপ রান্না করে খেয়ে সবাই চূড়ান্ত অভিযানের জন্য প্রস্তুত হতে থাকি। বাহিরে আবহাওয়া বেশ ভালো। আকাশও পরিষ্কার ছিল। এরপরেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৬ ডিগ্রি সেলসিয়াস। রাত ৩টা ১৬ মিনিটে আমরা সামিট পুশ (চূড়ার শীর্ষে উঠার অভিযান) শুরু করি।’
তিনি জানান, কখনও হেড ল্যাম্পের আলোতে তো কখনও চাঁদের আলোতে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে তারা। এরই মধ্যে হিমাঙ্কের নিচে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামে। এভাবে প্রায় ১৭ হাজার ৩৮৮ ফুট উচ্চতায় পৌঁছানোর পর দলের অন্যতম সদস্য মেমী অ্যাকিউট মাউন্টেইন সিকনেস (এএমএস) এ আক্রান্ত হয়ে বেজ ক্যাম্পে ফিরে আসতে বাধ্য হন। অতিরিক্ত উচ্চতায় পর্বত আরোহীরা এ ধরনের শারীরিক অসুস্থতায় পড়েন।
মেমী ফিরে যায়। শাহাদাত হোসেন সরকার, শেখ সাদি সজিব, সন্দিপ রায় চূড়ার দিকে এগিয়ে যায়। তখনও চূড়া অনেক উপরে।
শাহাদাত হোসেন সরকার জানান, চূড়া থেকে প্রায় ৮০০ ফুট নিচে সজিব হঠাৎ অসুস্থ হয়ে যান। তবে একটু পরে কিছুটা সুস্থ হয়ে ওঠে। ১৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে ১৯ হাজার ৬০৯ ফুট উচ্চতায় মাউন্ট কানামো চূড়ায় সফলভাবে আরোহণ করা হয়। এরপর সেখানে লাল সবুজের পতাকা টাঙানো হয়। তবে ৩০ মিনিটের মতো অবস্থান করে বিকেলের মধ্যে কিবের ফিরে আসা হয়। পুরো দল ১৯ তারিখে বাংলাদেশে ফিরে।
