ফের জয়ার ঘরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার?
সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাদ আগেও পেয়েছেন জয়া আহসান। সেটি অবশ্য চলচ্চিত্র ক্যারিয়ারের প্রথম দিকে। প্রথমে ‘গেরিলা’ পরে ‘চোরাবালি’তে অভিনয়ের জন্যে তিনি এই সম্মাননা পান।
এখন তিনি দুই বাংলার চলচ্চিত্রে দেদার ব্যস্ত। সফলতাও সেই মাপে ঘরে তুলছেন নিয়মিত।
যার সর্বশেষ সংযোজন ঘটতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৫ আসরের মধ্য দিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র থেকে বাংলা ট্রিবিউন নিশ্চিত হয়েছে, এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান। আর এটি দেওয়া হচ্ছে অনিমেষ আইচের পরিচালনায় ‘জিরো ডিগ্রী’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য।
এদিকে এমন খবরের সত্যতা ও অভিমত জানতে যোগাযোগ হয় জয়ার সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বিস্ময় নিয়ে বলেন, ‘ওমা! তাই না কি? আমাকে এখনও কেউ জানায়নি। তবে যদি পাই ভীষণ খুশি হবো।’
এদিকে একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার খবর মিলছে মাহফুজ আহমেদের নাম। তবে এই নামটির সঙ্গে যুক্ত হতে পারে ডি-কিং শাকিব খানও। সূত্র বলছে, যদি সেরা অভিনেতার পুরস্কার শেষ পর্যন্ত যৌথভাবে দেওয়া হয় তবে মাহফুজ আহমেদের সঙ্গে শাকিব খানও যুক্ত হবেন।
আর সেটি হবে এসএ হক অলীকের পরিচালনায় ‘আরও ভালো বাসবো তোমায়’ ছবিতে অভিনয়ের জন্য।
এদিকে এবারের আসরে আরও যারা পুরস্কার পাচ্ছেন তাদের নাম গেজেট আকারে প্রকাশের সম্ভাবনা রয়েছে ১২ মার্চ।
