leadnewsখেলা

বাংলাদেশের প্রয়োজন ১৯৬

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিততে বাংলাদেশের প্রয়োজন ১৯৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ করতে সক্ষম হয়েছে প্রোটিয়ারা।

এর আগে ব্লুমফন্টেইনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন আমলা। দলীয় ১৮ রানে প্রথম উইকেট যাওয়ার পর দ্বিতীয় উইকেটের পতন হয় ৯৭ রানে। এবি ডি ভিলিয়ার্সকেও ফেরান মিরাজ।

ব্যক্তিগত ৪৯ রানে মাহমুদুল্লাহর কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই হার্ড হিটার ব্যাটসম্যান। মাত্র ২৭ বলে ৮টি চারে সাজান তার ইনিংসটি। এরপর প্রোটিয়া অধিনায়ক জে পি ডুমিনিকে ফেরান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের একটি বল উড়িয়ে মারতে গেলে ইমরুলের হাতে বন্দি হন এই বাঁহাতি ব্যাটসম্যান।

তবে ডি কক এক প্রান্ত ধরে ছিলেন। তুলে নিয়েছেন তার টি-টুয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। ১৪ ওভারের শেষ বলে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন রুবেল। ডি কক ৪৪ বলে ৫ চার ও ১ ছয়ে করেন ৫৯ রান।

এরপর ডেভিড মিলার ও বেহারদিন বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালান। মিলার ১৯ বলে করেন ২৫ এবং বেহারদিন ১৭ বলে করেন ৩৬ রান।

শেষ পর্যন্ত বাংলাদেশকে ১৯৬ রানের টার্গেট ছুঁড়ে দক্ষিণ আফ্রিকা।