বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাউফলের উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)প্রতীক কুমার কুন্ডু ও বাউফল থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. কামাল হোসেন প্রমুখ।
সভায় নবাগত জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। বাংলাদেশে আর দূর্নীতি হবে না। গত ৫ আগষ্ট থেকে বিভিন্ন এলাকায় ভাংচুর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে খারাপ আচরন যা কিছু হয়েছে তা এখন থেকে পরিহার করে সবাইকে ঘরে ফিরে আসতে হবে। যদি কারও বিরুদ্ধে সু-নির্দিষ্ট কোন অভিযোগ থাকে তাকে আইনের আওতায় এনে তদন্ত করে বিচার করা হবে। কিন্ত আইন কারও হাতে তুলে নেওয়া যাবে না। পেছনে যা কিছু হয়েছে এখন থেকে তার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য ছাত্র প্রতিনিধি ও সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ দিতে বলেন। এরপরও যদি কেউ আইন হাতে নেন বা অন্যায় ভাবে কাউকে হয়রানি করা হয় সে যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র, হেফাজত ইসলাম, জাতীয় পার্টি, জেলে, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ##

