leadnewsসারা দেশ

বাউফলে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীরা

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের ৩ লক্ষ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন। এ সময়ে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ জন শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা ও ১৩জন কর্মচারীর প্রত্যেকে ২ হাজার ৫’শ টাকার চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাররেফ হোসেন খান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জাকির হোসেন বলেন, করোনার দুর্যোগকালীন সময়ে এটা আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পাওয়া ছোট ডালিমা আব্দুস ছালাম মাধ্যমিক বিদ্যালয়ের (নন এমপিও ভুক্ত) শিক্ষিকা শাহানাজ পারভীন বলেন, আমি প্রায় ৬ বছর ধরে শিক্ষকতা করে আসছি। কিন্ত শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে (নবম-দশম) এমপিও ভুক্ত না হওয়া মানবেতর জীবন যাপন করে আসছি। এ বিষয়টি প্রধানমন্ত্রী জেনে আমাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন । এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই । পাশাপাশি ননএমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার দাবী জানাই।