leadnewsসারা দেশ

বাউফলে বাবা ও ছেলেকে পিটিয়ে জখম

বাউফল( পটুয়াখালী)প্রতিনিধিঃজমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠী গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাবা ও ছেলেকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত মো. ইদ্রিস হাওলাদর (৬০) ও তাঁর ছেলে মো. শাহআলকে (৩৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে,জমি নিয়ে দীর্ঘদিন ধরে রায় তাতেরকাঠী গ্রামের ইদ্রিস হাওলাদরের সঙ্গে একই বাড়ির মো. আলাল হাওলাদারের সঙ্গে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে গতকাল বিকেল তিনটার দিকে ইদ্রিস হাওলাদারের ছেলে শাহআলমের সঙ্গে আলাল হাওলাদারের ছেলে মো. রাসেল (২৭), মো. মিরাজ (২৫) ও ভাতিজা মো. কামালের (৩২) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা শাহআলমকে মারধর শুরু করে। তাঁকে বাঁচাতে ইদ্রিস হাওলাদার এগিয়ে গেলে তাঁকেও পিটিয়ে গুরুতর জখম করে চলে যায়।

পরে আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে রাসেল ও মিরাজ বলেন,‘তাঁরা মারামারি করেননি।’আর কাউকে মারেননি বলেও দাবি করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’