বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও লো ভোল্টেজের প্রতিবাদে মানববন্ধন
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও লো ভোল্টেজের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সচেতন নাগরিক সমাজ। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সড়কের সামনে ওই মানববন্ধন কর্মসূচীতে বিশিষ্ট্য সমাজসেবক ও বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আপেল মাহমুদ ফিরোজ,বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, সচেতন নাগরিক সমাজের পক্ষে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম আকন , নয়া দিগন্তের সাংবাদিক সোহাগ ও সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব শিবলী সাদেক বক্তব্য রাখেন। ওই সময় বক্তারা, গ্রাহক হয়রানী, লো ভোল্টেজ, জরুরী গ্রাহক নম্বরের ফোন রিসিভ না করা, সরকার নির্ধারিত টাকার চাইতে নতুন ১টি মিটারের জন্য ৫হাজার টাকা আদায় সহ বিদ্যুত অফিসের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। বক্তব্যে আরো বলেন, এ উপজেলায় ১ লাখ ২৫ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকরা প্রতিনিয়ত কোন না কোন ভাবে পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষ ও স্টাফদের হয়রানীর শিকার হচ্ছেন। কোন বিষয়ে প্রতিবাদ করলে গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়।
বক্তারা অবিলম্বে বাউফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, লো-ভোল্টেজের প্রতিকারসহ ডিজিএম ও দুর্নীবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। অন্যথয় আগামীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষনা দেন।
