মসজিদের জমি আত্মসাৎ,ডেমরায় মসজিদ রক্ষার্থে এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধন
ডেমরা নিউজঃডেমরায় মসজিদের জায়গা আত্মসাৎ করার ঘটনায় মসজিদ রক্ষার্থে প্রতিবাদ ও মানবন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মা পূর্ব-বক্সনগর মাদিনা-তুস সালাম জামে মসজিদের সামনে রাস্তায় এসব কর্মসূচী পালন করা হয়। এলাকাবাসীকে ফাঁকি দিয়ে ওই মসজিদের ৭.৬ শতাংশ জায়গা কৌশলে নিজের নামে সাবকবলা রেজিষ্ট্রি করায় মসজিদটির প্রস্তাবিত মোতওয়াল্লী মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়। এ সময় মানবন্ধনে উপস্থিত মুসল্লিরা সরকার ও দেশবাসীর কাছে অনতিবিলম্বে মসজিদের আত্মসাৎকৃত জায়গা প্রতারক নাসিরের কাছ থেকে উদ্ধার করে ওয়াক্ফ করার দাবি জানান। মসজিদটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মঞ্জুর রশীদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদের সাবেক উপসচিব আব্দুস সামাদ তালুকদার, বিজেএমসি’র ডেপুটি ম্যানেজার মো. আলতাফ হোসেন, জনতা ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মনিরুজ্জামান ও নির্বাহী কর্মকর্তা আবুল কালাম মজুমদার, রাজস্ব কর্মকর্তা মো. শাহজাহান কবির, জীবন বীমা কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার মো. আলী হোসেন, শেলটেক এর নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আউয়াল, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রবসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ ও সকল ধর্মপ্রাণ মুসল্লীরা।
মানবন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসীর অনুদানে মসজিদটির বায়না হয় বিগত ২০১৮ সালের ২৫ জুলাই মসজিদের পক্ষে নাসিরের নামে। নানা সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করে ৯.৫ শতাংশ জায়গার মধ্যে মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিগত ২০১৯ সালের ১১ জানুয়ারী। এদিকে বায়নার সময় প্রতারক নাসির উদ্দিনের অনুরোধে এলাকাবাসী তাকে মসজিদের মোতওয়াল্লী করতেও রাজি হন। এ সুযোগে তিনি গত ২০২০ সালের ২২ সেপ্টেম্বর মসজিদের ৭.৬ শতাংশ জায়গা ওয়াক্ফ করার বদলে নিজের নামে সাবকবলা করেন।
