leadnewsবিনোদন

মুশফিকের সেই শট নিয়ে মিশা-রুবেলের তর্ক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লেজেগুবরে পারফরম্যান্সে দেশের ক্রিকেটপ্রেমিদের মন ভেঙে গেছে।

দেশের ক্রিকেটের এই দুর্দশায় হতাশ জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। তবে রুবেলের ঠিক বিপরীত অবস্থানে খলনায়ক মিশা সওদাগর। মনমরা হলেও টাইগারদের নিয়ে নেতিবাচক মন্তব্য ছুঁড়তে নারাজ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি।

শনিবার ডিএমপি বিজি প্রেস মাঠে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে ক্রিকেট দল নিয়ে বাগ্বিতণ্ডায় জড়ান এই দুই তারকা।

ম্যাচ শেষে সাংবাদিকরা মিশা সওদাগরকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বাংলাদেশ যে বিশ্বকাপের মতো এতো বড় আসরে অংশ নিচ্ছে সেটাই আমাদের জন্য গর্বের। কী ফলাফল আনছে সেটা পরের বিষয়। কিন্তু বাংলাদেশের অনেকেই বেশি আবেগপ্রবণ। আমি তাদের সবাইকে অনুরোধ করব আমাদের খেলোয়াড়দের নিয়ে কোনো বাজে মন্তব্য, গালিগালাজ করবেন না। তারা এতো বড় পরিসরে খেলছে- আমার কাছে এটাই বড় কথা। আমাদের উচিত জাতীয় দলের পাশে থাকা। তাদের ভালো-মন্দে সব সময় সমর্থন দিয়ে যাওয়া। এটা ভাবতে হবে যে, যাদের বিপক্ষে আমাদের ছেলেরা খেলছে তারা র্যাং কিংসহ সব দিক দিয়ে এগিয়ে।’

মিশার এমন বক্তব্যে ক্ষেপে যান রুবেল। বলেন, ‘আমি মিশা সওদাগরের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ করছি না। কিন্তু দ্বিমত পোষণ করছি। কারণ জাতীয় দল যখন মাঠে খেলে, আমরা সব ফেলে সেটা দেখি। সারা জাতি তাদের দিকে তাকিয়ে থাকে। তাদের জন্য যে ধরনের উৎসাহ-উদ্দীপনা দেওয়া হয়, তারা মাঠে তার প্রতিদান দেওয়ার কথা। কিন্তু বিশ্বকাপে দেখছি তারা আত্মহুতি দিচ্ছেন। একজন সমর্থক হিসেবে এটা আমরা মেনে নিতে পারছি না। যেমন ধরুণ আমাদের একজন অভিজ্ঞ তারকা শেষ ম্যাচে রিভার্সসু্ইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন। গত ম্যাচে চরম একটা মুহূর্তে তিনি স্কুপ করতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। আমি মনে করি, তিনি জেনেশুনে আত্মাহুতি দিয়েছেন। আমরা টাইগারদের কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করতে পারি না। জয়-পরাজয় থাকতেই পারে। একজন খেলোয়াড় সব সময় ভালো পারে না। তার মন্দ দিন যেতেই পারে। কিন্তু জেনেশুনে এভাবে আউট হওয়াকে আমি আত্মহুতি বলছি। যা আমরা মেনে নিতে পারছি না।’

এর জবাবে মিশা বলেন, ‘রুবেল ভাই যে খেলোয়াড়দের আত্মাহুতির প্রসঙ্গ টেনেছেন, উনার এখানে বোঝার ভুল আছে। কারণ ওই খেলোয়াড় এমন সুইপ, স্কুপ খেলে অনেক ম্যাচ জিতিয়েছেন।’

পাল্টা জবাবে রুবেল বলেন, ‘আবার তিনি হারিয়েছেনও দলকে।’

প্রসঙ্গত, কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চলচ্চিত্র শিল্পী সমিতি বনাম ডিএমপির পুলিশের মধ্যে এ ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। ৪০ মিনিটের এই খেলায় দুই গোলের ব্যবধানে পরাজিত হন চলচ্চিত্রের তারকারা।

খেলায় তারকাদের পক্ষে অংশ নেন সুব্রত, ওমর সানি, মিশা সওদাগর, রুবেল, আলেকজান্ডার বো, জায়েদ খান ও জয়সহ ১১ জন।