যাত্রাবাড়ীর মাছের আড়তে অভিযান চালিয়ে জাটকা ও চিংড়িসহ প্রায় ৬ টন মাছ জব্দ
ঢাকাঃরাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে অভিযান চালিয়ে জাটকা ও ক্ষতিকর জেলি পুশ করা চিংড়িসহ প্রায় ৬ টন মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম পরিচালিত ওই অভিযানে এ আদেশ দেয়া হয়। জাগো নিউজকে সারওয়ার আলম জানান, অভিযানে মাছের আড়ত থেকে ৫০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি, প্রায় ৪ টন আফ্রিকান মাগুর এবং ৩-৪ ইঞ্চি আকারের প্রায় ২ টন জাটকা জব্দ করা হয়।এ ঘটনায় যাত্রাবাড়ী মৎস্য আড়তের বিক্রেতা মো. হাসান (২০) ও আলিমুল আজিমকে (২৩) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জব্দ মাছ যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানের সময় র্যাব-১০ এর কোম্পানির স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন ও মৎস্য অধিদফতর ঢাকা জেলার মৎস্য অফিসার ড. আব্দুল মালেক ও আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
