যৌনপল্লি থেকে ইউপি সদস্য আটক
রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে (পূর্বপাড়া) অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আইয়ুব আলীসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
গ্রেফতার অপর ১০ জন হলেন- দৌলতদিয়ার আজগর শেখ (৩৭), ফজলুল হক (৪৫), মো. লতিফ মণ্ডল.(৪০), মো. বাচ্চু বেপারী (৪৯) , মোহাম্মদ শেখ (৪৫), গোলাম মোস্তফা (৩৩), আজিজুল সরদার (৫৫), গোয়ালন্দ পৌরসভার কাজী পাড়ার আনোয়ার হোসেন (৪২), রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুরের আলতাফ সিকদার (৫৮) ও ফরিদপুর মধুখালী উপজেলার বাঘাট বিশ্বাস পাড়ার মো. রফিকুল ইসলাম (৫৫)।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লিতে অবস্থিত ইউপি সদস্য আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আইয়ুব আলীসহ ১১ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার আসর হতে নগদ ২০ হাজার ৫৫৫ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস জানান, গোপন সংবাদ পেয়ে তাদের একটি দল দৌলতদিয়ার ইউপি সদস্য আইয়ুব আলীর যৌনপল্লির বাড়িতে অভিযান চালায়। এ সময় আইয়ুব আলীসহ ১১ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাসসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় রোববার মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।
