leadnewsডেমরা

ট্রাফিক পুলিশের ওপর আক্রমন দলবদ্ধভাবে নিষিদ্ধ ব্যাটারি চালিত ইজি বাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা গ্রেফতার ২

মো. মাহবুবুর রহমান ভূইয়া: ডেমরায় ট্রাফিক পুলিশের যানজট নিরসন কর্মকান্ডে সংঘবদ্ধ একটি দল বাধা প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে । এ সময় সড়কে যানজট সৃষ্টিকারী আটক একটি নিষিদ্ধ ব্যাটারি চালিত ইজি বাইক পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ওই দলটি। এ ঘটনায় ট্রাফিক পুলিশ বাধা দিলে সংঘবদ্ধ দলটি তাদের ওপর আক্রমন চালায়। এদিকে ওয়্যারলেসের (বেতারযন্ত্র) মাধ্যমে খবর পেয়ে দায়িত্বরত অন্য ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আক্রমনের শিকার ওই পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে। এ সময় আক্রমনকারী দলের দুই জনকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শুক্রবার সন্ধায় ডেমরার হাজীনগর মাছ বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃদরা হল- সারুলিয়ার পশ্চিম হাজীনগরের সাত্তার মুন্সির বাড়ীর ভাড়াটিয়া কুমিল্লার মুরাদনগর এলাকার মো. সফর আলীর ছেলে আনিছুর রহমান ওরফে মাইচ্ছা আনিছ (৩৮) ও হাজী নগর ভূইয়া বাড়ীর ভাড়াটিয়া নোয়াখালীর বেগমগঞ্জ থানা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে ইসমাইল হোসেন জীবন (২০)। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আরও ৮-১০ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। এ বিষয়ে শুক্রবার রাতে ডেমরা থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে রামপুরা ট্রাফিক জোনের টি আই বিপ্লব ভৌমিক বলেন, সড়কে যানজটের সৃষ্টি হলে সবাই ট্রাফিক পুলিশকেই দোষ দেয়। কিন্তু যানজট সৃষ্টির নেপথ্যে থাকে নিষিদ্ধ অবৈধ সব যানবাহনের অবাধ চলাচল। রাজধানীর ডেমরা থানা এলাকায় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুলিশের নাকের ডগায় দাবরে বেরাচ্ছে নিষিদ্ধ সব যানবাহন। হরহামেশাই অভ্যন্তরীণ সড়কসহ ডেমরা-যাত্রাবাড়ী সড়কে চলতে দেখা যায় সরকার নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক, নসিমন-করিমন, টমটম, স্কুটার, লেগুনাসহ বিভিন্ন যানবাহন। ওই প্রভাবশালী মহলের অঘোষিত অনুমতির মাধ্যমেই এসব যানবাহন সড়কে চলে যানজটের সৃষ্টি করে থাকে। আঙ্গুর, আপেল, উরোজাহাজসহ বিভিন্ন মার্কার কার্ড হল এসব যানবাহনের অনুমতি। ইউনিয়ন পরিষদ থেকে কোন রেজিষ্ট্রসন নেয়না এরা। দলীয় কোন প্রভাবেই বীরদর্পে সড়কে চলছে এরা।
তিনি আরও বলেন, নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকায় এসব সিন্ডিকেট ট্রাফিক পুলিশের ওপর ক্ষিপ্ত। আর প্রভাবশালী কোন মহলের হুকুমেই তারা পুলিশের ওপর আক্রমন চালানোর সাহস পেয়েছে। ট্রাফিক পুলিশ আটক ওই ইজি বাইকটি ডাম্পিংয়ে পাঠিয়েছে। সড়কে যানজট নিরসনে প্রয়োজনে ডেমরার নিষিদ্ধ সব যানবাহন আটক করে ব্যবস্থা নেয়া হবে।