রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতন করলো মাদকাসক্ত স্বামী ॥
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাঁধা প্রদান করায় মাদকাসক্ত স্বামী ফাতেমা বেগম নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ ফাতেমা বেগম উপজেলার বাড়িয়াছনি এলাকার সিরাজ মিয়ার ছেলে।
গৃহবধূর ফাতেমার মা সালেহা বেগম জানান, ২২ বছর আগে ঢাকা জেলার খিলক্ষেত থানার তলনা এলাকার রমিজউদ্দিনের ছেলে রাহাজউদ্দিনের সঙ্গে ফাতেমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর স্বামী স্ত্রী দুজনে বাড়িয়াছনি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলো। বিয়ের পর তাদের সংসারে সুমন (২০) নামে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের বেশকিছুদিন পর থেকেই স্বামী রাহাজউদ্দিন মাদক সেবনে আসক্ত হন। শনিবার সকালে রাহাজউদ্দিনকে মাদক সেবনের জন্য বাড়ি থেকে বের হলে স্ত্রী ফাতেমা বেগম তাকে বাধাঁ দেন এ সময়ে রাহাজউদ্দিন স্ত্রী ফাতেমাকে পিটিয়ে আহত করে। ফাতেমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে স্বামী পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ফাতেমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
