রূপগঞ্জে পিস্তলসহ শীর্ষ ডাকাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিস্তলসহ মোঃ রাজিব হোসেন ওরফে রাজু (২৮) নামে এক ডাকাত’কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে র্যাব-১১ এর উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মোঃ রাজিব হোসেন ওরফে রাজু ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকার মৃত সলু কামালের ছেলে।
র্যাব জানায়, রাজু তার অন্যান্য সহযোগীদের যোগসাজশে উপজেলার বরাবো বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। নিবিড় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল উক্ত অস্ত্রধারী শীর্ষ ডাকাতকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব-১১ সিপিএসসি এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ০১টি পিস্তল এবং ০২ রাউন্ড গুলিসহ মোঃ রাজিব হোসেন ওরফে রাজু (২৮) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজু বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এলাকায় জনসাধারণ এর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
তার বিরূদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

