রোহিঙ্গা সংকটের এখনই সমাধান চান মাহাথির
রোহিঙ্গা ইস্যুকে আর জটিল না করে এই সমস্যার অবসান এখনই করার জন্য আন্তর্জাতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কর্তৃক আয়োজিত ‘রোহিঙ্গা সংকট-উত্তরণের পথ’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে সাইডলাইন আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
মাহাথির বলেন, ‘এই সংকট এখন আর মিয়ানমার বা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। এমতাবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই কিছু একটা করতে হবে। আর সেটা এখনই করতে হবে।’
বিশ্বের অন্য দেশগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে মাহাথির বলেন, ‘রোহিঙ্গা সংকট নিরসনের জন্য বাংলাদেশ ও আমাদের সঙ্গে অন্যরাও যোগ দেবেন আশা করি। এই সংকটের অবসান হওয়া উচিত এবং তা এখনই।’
এ সময় মাহাথির রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন, ‘মিয়ানমারের দাবি, সন্ত্রাসী হুমকি মোকাবেলায় তারা রাখাইনে অভিযান চালিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে লাখ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। রাখাইনে যা ঘটেছে তা ছিল একটি গণহত্যা।’
‘রোহিঙ্গা সংকট সমাধানে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মিয়ানমার সরকারের অনাগ্রহের বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। এখন মিয়ানমার যেহেতু এ সমস্যার সমাধানে আগ্রহ দেখাচ্ছে না, তখন এর সমাধানের দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায়।’
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে না চাওয়ার কারণও ব্যাখ্যা করেন মাহাথির। তিনি বলেন, ‘রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরত না যাওয়ার কারণগুলো স্পষ্ট। কেউ যদি তার সুরক্ষার নিশ্চয়তা বোধ না করে তবে সে ফিরবে না। এজন্য রোহিঙ্গাদের নিরাপদ, স্বতঃস্ফূর্ত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর মালয়েশিয়া জোর দিচ্ছে। এটি শুধু রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।’
ভবিষ্যতে এ ধরনের মানবসৃষ্ট সংকট রোধে জাতিসংঘকে তার কাজ যথাযথভাবে পালন করে যাওয়ার আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
