লন্ডনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৭৯
লন্ডনের পুলিশ জানাচ্ছে, গ্রেনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। খবর বিবিসির।
কিছুদিন আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই ভবনের আর কাউকে জীবিত খুঁজে পাবার কোনো আশা নেই।এমনকী পরিচয় শনাক্ত করা যাবে কিনা তা নিয়েও আশংকা প্রকাশ করেছিলেন কর্মকর্তারা।এখনো নিখোঁজ আছেন ভবনের অনেক বাসিন্দা।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্ডি সোমবার এক বিবৃতিতে নিহতের সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত করেন এবং এ সংখ্যা বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন।
তিনি জানান, মাত্র পাঁচজনের মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি নিখোঁজদের ‘দুর্ভাগ্যজনক’ সম্ভাব্য মৃত ধরা হচ্ছে।
গত ১৩ জুন লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৪ তলা এ ভবনটিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
কান্ডি তার বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছেন, ভবনের প্রত্যেকটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন সদস্যকে হারিয়েছে।
তবে নিহতদের বেশিরভাগেরই পরিচয় শনাক্ত করা সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি। মি: কান্ডি এটাও বলেন যে অনুসন্ধান কাজ শেষ হতে ‘বেশ কয়েক সপ্তাহ সময়’ লেগে যাবে।
এই ঘটনার একটি ব্যাপক তদন্ত হবে বলে জানিয়েছে লন্ডন পুলিশ।
কিভাবে লন্ডনের একটি ২৪ তলা ভবনে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এত মানুষের মৃত্যু ঘটতে পারলো, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা তাদের সময়মত সাহায্য করতে ব্যর্থ হবার জন্যে ইতোমধ্যেই স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
