ষাট লক্ষ টাকা মুক্তিপণ দাবি ডেমরার অপহৃত শিশু বরগুনা থেকে উদ্ধার: গ্রেফতার ২
মাহবুব মনিঃ ডেমরার অপহৃত মেয়ে শিশু লামিয়াকে (৫) বরিশালের বরগুনা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী ওই শিশুর আপন খালা মোছা. শাহিনুর আক্তার (২৬) ও তার সহযোগী মো. শাহীন হাওলাদারকে (২৬) গ্রেফতার করেন ডিএমপি’র ডিবি (পূর্ব) বিভাগের ডেমরা জোনাল টিমের পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে আদালত তাদের বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার বরগুনা থানা পুলিশের সহায়তায় ফুলঝুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগীর মা মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ওই দুই অপহরণকারীর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। বর্তমানে আসামিরা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার এসআই মো. শাহজাহান। গ্রেফতার শাহীনুর কুমিল্লার তিতাস থানার ঘোষকান্দি গ্রামের মো. আক্তার হোসেনের মেয়ে ও কুমিল্লার মুরাদনগর থানার কাজিয়াতলা গ্রামের মো. মনির হোসেনের স্ত্রী। শাহীন হাওলাদার বরগুনার পাথরঘাটা থানার মো. আ. আজিজ হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর শনিআখড়া জাপানিবাজার এলাকার কুদ্দুস মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
অপহৃতের পরিবারের বরাত দিয়ে এসআই মো. শাহজাহান আরও জানান, অপহৃতের বাবা বাহরাইন প্রবাসী বলে লামিয়ার মা তার আরেক ছেলেসহ ডেমরার বাশেরপুল এলাকায় পিত্রালয়ে থাকেন। মেয়েটি ওই এলাকায় একটি মাদ্রাসার প্লে শেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় গত ৭ অক্টোবর সকালে লামিয়াকে তার মা ওই মাদ্রায় দিয়ে আসেন। ওই দিন সকাল ৯ টার দিকে লামিয়ার আপন খালা শাহীনুর মাদ্রাসা থেকে মেয়েটিকে ১০ মিনিটের জন্য বাইরে নিয়ে যাওয়ার কথা বলে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করেন। পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল ফোনে শিশুটির মুক্তিপণ হিসেবে প্রথমে ৬০ লক্ষ টাকা দাবি করেন। পরের দিন ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে আবারও ফোন করেন তারা, অন্যথায় শিশুটির লাশ মিলবে এমন হুমকিও দেন ওই দুই অপহরণকারী।
এদিকে গত ৭ অক্টোবর এ ঘটনায় লামিয়ার মা ডেমরা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন।
