সাকিব ৬০৬ রান ও ১১ উইকেট এবং মোস্তাফিজ ২০
আশায় শুরু, হতাশায় শেষ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতাপ ছড়ানো জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও বাংলাদেশের শেষটা হয়েছে বড় হার দিয়ে। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের বড় হার দিয়ে এবারের বিশ্বকাপ মিশনের ইতি টেনেছে মাশরাফি বিন মর্তুজার দল। ৯ ম্যাচ খেলে বাংলাদেশ তিনটিতে জয় পেয়েছে ও পাঁচটিতে হেরেছে। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান। আর সেরা বোলার মোস্তাফিজুর রহমান।
এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। বল-ব্যাট দুইটিতেই আলো ছড়িয়েছেন তিনি। ৮ ম্যাচে ৬০৬ রান করে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থেকে বিশ্বকাপ শেষ করেছেন সাকিব। আট ম্যাচের মধ্যে তিনি দুইটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন।
অন্যদিকে, বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজুর রহমান। আট ম্যাচে তিনি ২০টি উইকেট শিকার করেছেন। টানা দুই ম্যাচে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন তিনি। মোস্তাফিজ যখন বিশ্বকাপ শেষ করলেন তখন তিনি সেরা উইকেটশিকারি বোলারদের তালিকায় দ্বিতীয় অবস্থানে।
