leadnewsআন্তর্জাতিক

সৌদি সফরে মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিশ্চিত হওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্য সফরে গেলেন মাইক পম্পেও। তিন দিনের সফরে শনিবার তিনি সৌদি আরব পৌঁছেছেন। এরপর তিনি জর্ডান এবং ইসায়েল সফর করবেন। মার্কিন মিত্রদের সঙ্গে সুসম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে তিনি এ সফর করছেন। খবর আল জাজিরার।

শনিবার রিয়াদে পৌঁছলে তাকে স্বাগত জানান সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করতে পারেন বলে জানানো হয়েছে। এছাড়া সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আয়োজিত একটি ডিনারে অংশ নেবেন তিনি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, পম্পেওর এ সফরে জেরুজালেম এবং আম্মানের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া মার্কিন মিত্রদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করাও এ সফরের অন্যতম লক্ষ্য।

ধারণা করা হচ্ছে, পম্পেও এসব দেশের নেতাদের সঙ্গে বৈঠকে ইরানের পরমাণু চুক্তির কথা তুলে ধরবেন। এ বিষয়ে ট্রাম্পের মতের পক্ষে জনমত তৈরি করতেও উদ্যোগ নেবেন তিনি।

ইরানের সঙ্গে ২০১৫ সালে শক্তিশালী ছয় দেশের পরমাণু সমঝোতা চুক্তিকে ‘সবচেয়ে খারাপ চুক্তি’ বলে অভিহিত করেন ট্রাম্প। এ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। তবে এ চুক্তিতে স্বাক্ষর করা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীন চুক্তি বলবৎ রাখায় আগ্রহী।

সাবেক সিআইএ প্রধান মাইক পম্পেওকে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিশ্চিত করেছে মার্কিন সিনেট। এর পরদিন শুক্রবার তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পও প্রথম বৈদেশিক সফরে সৌদি আরব গিয়েছিলেন।