leadnewsরাজনীতি

স্বাধীনতা দিবসে আ.লীগের কর্মসূচি

স্বধীনতার ৪৭তম বার্ষিকীতে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি ক্ষমতাসীন দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, সোমবার সূর্যোদয়ের সময় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ছয়টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

এছাড়া সকাল ১১টায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান এমপি, কার্যনিবাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শ্রম ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনিবাহী সংসদের সদস্য এস. এম কামাল হোসেন এবং অ্যাডভোকেট আমিরুল আলম মিলন প্রমুখ।

কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে দলটি। এতে সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ গৃহীত সকল কর্মসূচি দেশবাসীর সঙ্গে একাত্ম হয়ে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংগঠনের সকল শাখাসহ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।