হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও ভারতীয় পণ্য বর্জনের দাবি, ডেমরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
ডেমরা নিউজঃহযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীর ডেমরায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে স্টাফ কোয়াটার হাজী হোসেন প্লাজা মার্কেট সংলগ্নে সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করে। এ ঘটনায় ঘণ্টাব্যাপী ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিন শিক্ষার্থীরা ভারতীয় পন্য বর্জনের জন্য দাবি জানায়। একই সঙ্গে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করা ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবী জানায় শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বলে বিশ্ব নবীর অপমানে বাংলাদেশ সরকার চুপ কেন? জবাব চাই। এদিকে এ ঘটনায় খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ও ডেমরা ট্রাফিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ডেমরার ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকালে স্টাফ কোয়ার্টার এলাকায় মহাসড়ক অবরোধ করে। তাদের দাবি ভারতীয় সব পণ্য বাংলাদেশ থেকে বর্জন করতে হবে অন্যান্য মুসলিম দেশের ন্যায়। একইসঙ্গে ভারতীয় বিজেপি নেত্রী নুপুর শর্মাকে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে এঘটনায় থানা পুলিশ ট্রাফিক পুলিশ শিক্ষার্থীদের দাবিগুলো শুনে সুশৃংখলভাবে নিরাপদে তাদের বাড়ি পাঠিয়ে দেয়।
