করোনার সঙ্গে বসবাস করেও আক্রান্ত হননি গৃহবধূ!!
তোফাজ্জেল হোসেন,পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে এক মুক্তিযোদ্ধা পরিবারের ছয় সদস্যের মধ্যে পাঁচ সদস্যই করোনা আক্রান্ত হয়েছেন । তবে করোনার সঙ্গে বসবাস করলেও করোনায় আক্রান্ত হননি ওই পরিবারের গৃহবধু। ওই গৃহবধুর নাম তাসলিমা শাহরিন রোজী। বাউফল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা এবিএম ফখরুল ইসলামের একমাত্র পুত্রবধু তিনি। আজ শনিবার সকালে প্রাপ্ত করোনা রিপোর্টে ওই পরিবারের পাঁচজন সদস্যের মধ্যে তিনি ব্যতীত অন্য চারজন সদস্যের করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়। আক্রন্তরা হলেন রোজীর শ্বশুড় মুক্তিযোদ্ধা এবিএম ফখরুল ইসলাম(৬৭), শ্বাশুড়ি ভিকারন্নেছা(৬০), ছেলে মোঃ মকিমুল ইসলাম(১২) ও মেয়ে সাবরিনা ইসলাম(৭। এর আগে প্রথমে গত ২৮ শে জুলাই রোজীর স্বামী বাউফল পৌরসভার সহকারি প্রকৌশলী মাঈনুল ইসলাম সুমন(৩৭) করোনা আক্রান্ত হলে গত মঙ্গলবার ওই পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে গৃহবধু রোজী ব্যতীত অন্য চারজনের করোনা পজেটিভ সনাক্ত হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত উপজেলায় ৭’শ ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১শত ৩৪ জন করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৭ জন। সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৯৪ জন । অন্যরা সবাই হোম আইসোলেশনে রয়েছেন।
