ডেমরায় ট্রাফিক পুলিশের যানবাহন বিরোধী অভিযান ॥ গ্রেফতার ২
ডেমরা নিউজঃ ডেমরায় ত্রুটিপূর্ণ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রামপুরা ট্রাফিক জোন। টিআই বিপ্লব ভৌমিকের নেতৃত্বে সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী এ অভিযানে ট্রাফিক আইনে বাস-ট্রাকসহ ৫০ টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৪৫ টি গাড়ি রেকারিং করা হয়। এ সময় মো. সাকিব হাওলাদার (২২) ও মো. বিল্লাল হোসেন (২০) নামে লাইসেন্সবিহীন দুই চালককে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, সড়কে অবৈধভাবে নিষিদ্ধ সময়ে চলাচল, ত্রুটিপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন অপরাধে এসব যানবাহন রেকারিং করা হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ।
এ বিষয়ে রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক যুগান্তরকে বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে এর আগেও আমরা অভিযান চালিয়ে এদের দমন করার চেষ্টা করেছি। তাছাড়া অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালকসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে লাইসেন্স ব্যতীত প্রকাশ্যে গাড়ি চালানোর অপরাধে উক্ত দুই চালককেও গ্রেফতার করা হয়েছে। ডেমরা রাজধানীর প্রবেশদ্বার হওয়ায় সড়ক দূর্ঘটনাসহ নানা প্রতিবন্ধকতা এড়াতেই এ অভিযান চালানো হয়।
