leadnewsডেমরা

ডেমরায় ছেলেকে পুলিশে দিলেন মা

ডেমরা নিউজঃ ডেমরায় মো. ফয়সাল হোসেন (৩০) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন তার মা। রোববার ভোরে ডেমরার ডগাইর কোদালদোওয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সে ওই এলাকার হাজী মো. নূর হোসেনের ছেলে। পরে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার ফয়সালের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার ওয়ারেন্ট অফিসার এএসআই বজলু জানায়, ইয়াবা-ফেনসিডিলসহ বিভিন্ন নেশায় আসক্ত ফয়সালকে আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সে মাদকাসক্ত ছিল। গত ৯ বছর আগে মালয়েশিয়া থেকে বাড়ী ফিড়ে আবারও নেশা শুরু করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ফয়সাল। বর্তমানে সে নেশার টাকার জন্য পরিবারে নানা অশান্তি সৃষ্টিসহ সবাইকে মারধর শুরু করেছে। তাই গত মাসে আদালতে তার মা তার নামে মামলা দেয়। ওই মামলায় তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।