leadnewsঅপরাধডেমরা

ডেমরায় স্বামী স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেমরা নিউজ: ডেমরায় র‌্যাব-১০ এর অভিযানে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩১০০ পিস ইয়াবা (অনুমান মূল্য ১৫ লক্ষ ৫০ হাজার), ১৬৪.৫ গ্রাম হেরোইন (অনুমান মূল্য ৪ লক্ষ ৮৫ হাজার ৫০০) ও দুইটি মোবাইল সেটসহ নগদ ১ লক্ষ ৪৩ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব-১০। শনিবার সকালে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুক্রবার সন্ধায় ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। বৃহস্পতিবার রাতে ডেমরার বক্সনগর বকুলতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি এলাকার বশিরউল্লার ছেলে দেলোয়ার (৪১) ও তার স্ত্রী রহিমা (৩৫), সারুলিয়া গলাকাটা এলাকার মো. সুমনের স্ত্রী ময়না (২৭) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ফজলুর রহমানের ছেলে ইমরুল কায়েস (৩৫)। শনিবার বিকালে আদালত তাদের বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। র‌্যাব-১০ এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার এসআই মো. ওসমান গণি।