leadnewsজাতীয়

৪-৫ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন

আগামী ৪-৫ সেপ্টেম্বর ঢাকায় মন্ত্রী পর্যায়ের ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট আইওআরএ’র ব্লু-ইকোনমি মিনিস্টারিয়েল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক দেশ বাংলাদেশের আমন্ত্রণে অস্ট্রেলিয়া, ইরান এবং শ্রীলঙ্কাসহ মোট ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন।

সমুদ্র অর্থনীতি বিষয়ক এই সম্মেলনে মন্ত্রী ছাড়াও বিশ্বের ১৯ দেশের মন্ত্রী-উপমন্ত্রী সচিবসহ শতাধিক প্রতিনিধি ঢাকা আসছেন।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় আঞ্চলিক এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনীতে প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেবেন।

আইওআএ’র তৃতীয় আঞ্চলিক এই সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে- ভারত মহাসাগরীয় অঞ্চলের সব সম্ভাবনার সঠিক ব্যবহার নিশ্চিত করে টেকসই সমুদ্র অর্থনীতিকে উৎসাহিত করা।

সম্মেলনের সার্বিক আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিট থেকে জানা যায়, সম্মেলনে ২২টি সদস্য রাষ্ট্র এবং নয়টি ডায়ালগ পার্টনারসহ মোট ৩১টি রাষ্ট্রের প্রতিনিধি যোগ দিচ্ছেন। যার মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, সিসিলিসের পররাষ্ট্রমন্ত্রী, কেনিয়ার কৃষি ও মৎস্যমন্ত্রী, মরিশাসের সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী, মাদাগাস্কারের কৃষিমন্ত্রী, মালদ্বীপের মেরিন রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার, সাউথ আফ্রিকার পরিবেশ বন ও মৎস্যমন্ত্রী, সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী, থাইল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, কমোরসের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইন্টারন্যাশনাল সি-বেড অথোরিটির সেক্রেটারি জেনারেল এবং আইওআরএ’র সেক্রেটারি জেনারেল।
প্রসঙ্গত, আইওআরএ ১৯৭৭ সালের ৭ মার্চ যাত্রা শুরু করে।