সংসদে খোকার জানাজা সম্পন্ন
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি নেতা ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া এগারোটার কিছু আগে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় সংসদ সদস্যসহ বিএনপির অনেক নেতা অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা ২৫মিনিটে বিমানবন্দরে পৌঁছে খোকার লাশ। পরে আনুষ্ঠানিকতা শেষে নয়টার দিকে বিমানবন্দরের কার্গো গেটের বাইরে নিয়ে আসা হয়। এরপর সাড়ে ১০টার দিকে মরদেহ বহনকারী গাড়িটি জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপির অনেক নেতাকর্মী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসতে থাকেন।
এখন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বেলা ১২টা থেকে একটা পর্যন্ত রাখা হবে তার লাশ।
বাদ জোহর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে গোপীবাগে মরহুমের নিজস্ব বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। বাদ আছর মরহুমের বাসভবন থেকে মরদেহ ধুপখোলা মাঠে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হবে এই মুক্তিযোদ্ধাকে।
