টাইগারদের প্রয়োজন ৩১২
মঙ্গলবার ডাম্বুলার আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জয়লাভ করেন লংকান অধিনায়ক উপল থারাঙ্গা। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই আঘাত হানেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওপেনার দানুস্কা গুনাথিলাকা ৯ রান করে মাশরাফির বলে মুশফিকের হাতে ধরা পড়েন।
এরপর কুশাল মেন্ডিস এবং উপল থারাঙ্গা ১১১ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মোস্তাফিজুর রহমানের করা একটি বল নো ঘোষণা করেন লেগ আম্পায়ার। বিমার থাকায় উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিম বলটি ধরতে ব্যর্থ হন।
মুশফিকের হাতে লেগে বলটি চলে যায় রিয়াদের কাছে। রান নিতে দৌড় দেন থারাঙ্গা। রিয়াদের থ্রোতে বলটি সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানে। রান আউট হয়ে যান থারাঙ্গা। লংকান অধিনায়ক ৬৫ রান করেন।
থারাঙ্গা ফিরে গেলেও নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস।
মেন্ডিসের সেঞ্চুরির পর নিজের প্রথম শিকার তুলে নেন মোস্তাফিজ। দিনেশ চান্দিমালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। চান্দিমাল ২৪ রান করেন। পরের ওভারেই কুশাল মেন্ডিসকে ফেরান তাসিকন আহমেদ। নিজের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন এ ডানহাতি পেসার। মেন্ডিস ১০২ রান করেন।
এরপর মিলিন্দা শ্রীবর্ধনে ব্যক্তিগত ২৭ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন। পরের ওভারেই থিসারা পেরেরাকে রান আউট করেন মুশফিকুর রহিম।
গত শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
