ডেমরা-যাত্রাবাড়ী সড়কে যাত্রীবাহী লেগুনা চলাচল বন্ধ ॥ যাত্রীদুর্ভোগ চরমে
মাহবুব মনি: রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়কে সোমবার সন্ধা থকেই যাত্রীবাহী লেগুনা চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ চরম আকার ধারন করেছে। সোমবার সন্ধ্যায় পরিবহনে নৈরাজ্য-চাঁদাবাজি এবং যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকারের ওপর হামলার ঘটনায় লেগুনা চালক ও পরিবহন শ্রমিকেরা সড়কে লেগুনা চলাচল বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়ে অফিস-আদালতগ্রামী যাত্রীরা। তিনগুণ ভাড়া গুনতে হয়েছে যাত্রীদের।
মঙ্গলবার সরেজমিনে ডেমরা-যাত্রাবাড়ী সড়কে লেগুনা সংকটে স্কুল কলেজগামী, অফিসগামীসহ সাধারণ যাত্রীদের রাস্তায় বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। দির্ঘক্ষণ পরে কোন একটি যাত্রীবাহী বাস আসলে হুমরি খেয়ে উঠতে হয়েছে যাত্রীদের। হুরোহুরিতে অনেকেই আঘাত পেয়েছে বলে যাত্রীদের অভিযোগ। কাজ শেষে বাড়ী ফেরার পথেও চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ। একদিকে সারাদিন বৃষ্টি অপর দিকে যানবাহন সমস্যায় নাভিশ্বাস ফেলেছেন ডেমরা-যাত্রাবাড়ী সড়কের যাত্রীরা। এদিকে যানচলাচলে চরম বিশৃঙ্খলার কারণে ডেমরা-যাত্রাবাড়ী সড়কে ৭ কিলোমিটার এ সড়কে পদে পদে বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। এ বিষয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন এ সড়কে চলাচলকারী সকল শ্রেণি-পেশার মানুষ।
যাত্রীরা জানান, যেখানে ডেমরা থেকে যাত্রাবাড়ীর ভাড়া ১০ টাকা সেখানে লেগুনা সংকটে ৩০ টাকাতেও যেতে কষ্ট হয়েছে। কাজ শেষে ফিরে আসার সময় অবস্থা আরও ভয়াবহ ছিল বলে জানিয়েছেন ডেমরার হাজীনগর এলাকার লেগুনা যাত্রী মো. হানিফ।
পাইটি এলাকার ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন বলেন, রমজান মাসে এমন বিশ্রি অবস্থায় আগে পড়িনি। রাজধানীতে যাত্রীদের এভাবে হুমরি খেয়ে চলাচল করা কিছুতেই মেনে নেয়া যায়না। জরুরী ভিত্তিতে সমস্যা সমাধান করা উচিত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকারের সাথে প্রতিপক্ষের ধস্তাধস্তির ঘটনায় তিনি আহত হলে লেগুনা চালক ও পরিবহন শ্রমিকরা ডেমরা-যাত্রাবাড়ী সড়কে লেগুনা চলাচল বন্ধ করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক বলেন, মঙ্গলবার সকাল থেকেই লেগুনা চালক ও পরিবহন শ্রমিকরা ডেমরা-যাত্রাবাড়ী সড়কে লেগুনা চলাচল বন্ধ করে দেয়। তবে দুরপাল্লাগামী সকল যানবহন চলাচল করেছে।
এ বিষয়ে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট দু’পক্ষের মধ্যে সকলের উপস্থিতিতে মিমাংসা করে দেয়া হয়েছে। আশা করি ডেমরা-যাত্রবাড়ী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
