৬৮৭ রানের ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়
আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮৫ রানে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের ফলে মুমিনুল হকের দল সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল। এর আগে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৮৭ রানে জয় পায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ৩৪ রানে জয় পায় আয়ারল্যান্ড। আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।
বুধবার ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সেঞ্চুরি করেন মুমিনুল হক। ১৩৩ বলে ১৮২ রান করেন তিনি। এই রান করার পথে তিনি ২৭টি চার ও তিনটি ছক্কা হাঁকান। লিস্ট ‘এ’ ক্রিকেটে মুমিনুল হকের এটি ক্যারিয়ার সেরা ইনিংস।
এছাড়া ৭৯ রান করেন জাকির হাসান। ৫১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। ১৩ বল খেলে ১৯ রান করেন আল-আমিন। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে অ্যান্ডি ম্যাকব্রাইন ১টি, পিটার চেজ ১টি ও ডেভিড ডেলানি ১টি করে উইকেট শিকার করেন।
পরে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ৩০১ রান সংগ্রহ করে অলআউট হয়। দলের পক্ষে অধিনায়ক অ্যান্ডি বলবার্নি সেঞ্চুরি করেন। ১০৬ রান করে আউট হন তিনি। ৩২ বলে ৫৩ রান করেন সিমি সিং। ৩৯ বলে ৪২ রান করেন স্টুয়ার্ট থম্পসন। ৩৬ বলে ৪৩ রান করেন জেমস ম্যাককোলাম। বাংলাদেশের বোলারদের মধ্যে খালেদ আহমেদ ৩টি, শরিফুল ইসলাম ২টি, মোহাম্মদ সাইফউদ্দিন ২টি ও ফজলে মাহমুদ ৩টি করে উইকেট শিকার করেন।
