leadnewsরাজনীতি

আমরা প্রতিবাদ জানাচ্ছি, না শুনলে আন্দোলনে যাব: ফখরুল

নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন- মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেচেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইসি ব্যর্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষৎ নির্বাচনের কী হবে?

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া মহল্লায় নিজ বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই।  সেই নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন পরিচালনা করবে? এই সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধবংস করে দিয়েছে।

বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ব্যবস্থাকে এ সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে, মানুষ এখন ভোট দিতে পারে না।  ভোট দিলেও এখন গণনার সময় ফল পরিবর্তন হয়ে যায়।  এজন্য আমরা (বিএনপি) এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, কোনো দলও যাবে না এমন সিদ্ধান্ত হচ্ছে।  আমরা প্রতিবাদ জানাচ্ছি, আপত্তি জানাচ্ছি; না শুনলে তো আমরা আন্দোলনে যাব।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ এখন কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র নয়।  এ দেশকে বর্বর, অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।  বাংলাদেশ একটি সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, তিনি তো অনেক কিছুই করছেন।  যেগুলোর সঙ্গে আইন, সংবিধান, নৈতিকতার কোনো সংযোগ নেই।  অর্থমন্ত্রী পাচার করা টাকার বৈধতা চেয়েছেন পার্লামেন্টে।  তারা টাকা পাচার করছেন, আবার তা ফিরিয়ে আনতে আইন তৈরি করছেন।  দেশের সব সম্পদ লুটপাট করছে আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন, উপজেলা বিএনপির নেতা আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনানসহ দলটির নেতাকর্মীরা।