চলন্ত গাড়িতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ
ভারতের হরিদ্বারের রুরকিতে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মা ও মেয়ে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, একটি ধর্মীয় স্থান থেকে রোববার রাতে বাড়ি ফিরছিলেন এক নারী ও তার ছয় বছরের শিশুকন্যা। রাস্তায় সোনু নামে এক ব্যক্তি গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন ওই নারীকে। সেই সময় গাড়িতে ছিলেন সোনুর আরও কয়েক জন বন্ধু। পরে চলন্ত গাড়িতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর মা-মেয়েকে একটি খালে ফেলে দেন অভিযুক্তরা।
ওই নারী জানিয়েছেন, পরে কোনোমতে তিনি থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন। তবে গাড়িতে ঠিক কতজন ব্যক্তি ছিলেন, তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি। শুধুমাত্র সোনুর নাম উল্লেখ করেছেন। ওই নারীর জানিয়েছেন, সোনুই গাড়িটি চালাচ্ছিলেন।
রুরকির সিভিক হাসপাতালে ওই নারী ও তার মেয়েকে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
