leadnewsডেমরা

ডেমরায় গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

ডেমরা নিউজ : ডেমরায় মোছা. তাহমিনা খান (৪০) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। শুক্রবার রাতে ময়না তদন্তের জন্য লাশ নগরীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে ওই দিন বিকালে বাশেরপুল সালামবাগ এলাকার নঈমুদ্দিন শিকদারের বাড়ী থেকে মৃতের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাড়ীর ভাড়াটিয়া ও বাশেরপুল এলাকার মৃত কাশেম খানের মেয়ে। এ ঘটনায় মৃতের বড় ভাই মো. আজিম খান শুক্রবার রাতে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই মো. আউয়াল জানান, গৃহপরিচারিকা তাহমিনা স্বামী ও সন্তান ব্যতিত একা বসবাস করতেন। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পরবর্তীতে তিনি দ্বিতীয় বিবাহ করেন। ওই স্বামীর সঙ্গেও তিনি থাকেননা। পারিবারিক নানা প্রতিবন্ধকতা ও অশান্তির কারণে বেশিরভাগ সময় হতাশাগ্রস্থ হয়ে মানষিকভাবে বির্যস্তত থাকতেন ওই মহিলা।

এসআই আউয়াল আরও জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ী ফিরে তার ঘরের দরজা বন্ধ করে দেন তাহমিনা। শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশী এক মহিলা তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দেন। এ সময় ঘরের টিনের চালের নিচে লোহার এঙ্গেলের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন।