leadnewsডেমরা

ডেমরায় জুম গার্মেন্টে নারায়ণগঞ্জের শ্রমিক নিয়োগের অভিযোগ,ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস

ডেমরা নিউজঃ ডেমরা থানাধীন পাইটি এলাকায় জুম গার্মেন্টে নতুনভাবে নারারয়ণগঞ্জ ও নারায়ণগঞ্জের নোয়াপাড়া, তারাব পৌরসভাসহ আশপাশের এলাকার গার্মেন্ট শ্রমিক নিয়োগের অভিযোগ উঠেছে। এতে দ্রুত পাইটি এলাকাসহ ডেমরার আশপাশে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। অভিযোগ, নতুনভাবে জুম গার্মেন্ট করোনাভাইরাসে লকডাউনভুক্ত নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার অন্তত ৬০ জন গার্মেন্ট শ্রমিক নিয়োগ দিয়েছেন। তবে এ বিষয়টি অস্বীকার করেছেন গার্মেন্টটির ম্যানেজার মো. মনির। এদিকে বিষয়টি নিয়ে শুক্রবার পাইটি অগ্রগতি যুবসংঘ নামে একটি সংগঠন এ বিষয়ে প্রতিবাদ জানালে জুম গার্মেন্ট কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেনি। পরবর্তীতে এ ঘটনায় জুম গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ডিএসসিসির ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক। তবে জুম গার্মেন্ট কর্তৃপক্ষ কাউন্সিলর আতিককে আশ্বস্ত করে বলেন পরবর্তীতে নারায়ণগঞ্জের শ্রমিক নিয়োগ দেওয়া হবেনা।

এ বিষয়ে ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান  বলেন, নারয়ণগঞ্জের শ্রমিক নিয়োগের বিষয়ে জানতে চাইলে জুম গার্মেন্টের ম্যানেজার মো. মনির বলেন নারায়ণগঞ্জের ৪/৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল যাদেরকে আগামিকাল থেকে আর আসতে দেওয়া হবেনা। আর নতুনভাবে নিয়োগ দেওয়াও হবেনা।

এ বিষয়ে জানতে চাইলে জুম গার্মেন্টের ম্যানেজার মো. মনির মোবাইল ফোনে  বলেন, জুম গার্মেন্টে নিয়োজিত আগের শ্রমিকরাই কাজ করছেন। নারায়ণগঞ্জের কোন শ্রমিক এখানে রাখার প্রশ্নই আসেনা।  

এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম  বলেন, জুম গার্মেন্ট কর্তৃপক্ষের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা কোনভাবেই লকডাউনভুক্ত নারায়ণগঞ্জের গার্মেন্ট শ্রমিক দিয়ে কাজ করাতে পারবেনা। এতে সহজেই এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থাকে। তারা যদি নির্দেশনার বাইরে আবারও কোন পদক্ষেপ নেয় তাহলে তাদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেওয়া হবে।