ডেমরায় ট্রাকের ডালায় পিষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু
মাহবুবুর রহমান ভূঁইয়া : ডেমরায় ট্রাকের ডালায় পিষ্ট হয়ে মো. কাজল (৪৫) নামে এক দিনমজুরের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার কপালে দুটি বড় ক্ষতসহ সারা শরীরে যখম হয়ে ডান হাতের কব্জির ওপরে ভেঙে যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ডেমরার গলাকাটা ব্রীজ সংলগ্ন ইউসুফ ফ্লাওয়ার মিলে এ ঘটনা ঘটে। মৃত কাজল ভোলার বোরহানউদ্দিন থানার মোলাই পওন গ্রামের মো. ইয়াছিন মিয়ার ছেলে। তিনি পরিবারসহ দক্ষিণ বক্সনগরের রোকেয়ার বাড়ীতে ভাড়া থাকতেন। এদিকে ঢাকা মেট্রো ট-১৪-৭৯১৩ ট্রাকটিসহ অভিযুক্ত ওই ট্রাকের হেলপার শামীমকে (১৮) আটক করে ডেমরা থানায় সোপর্দ করা হয়। আটক শামীম বরিশালের বাকেরগঞ্জ থানার চোরদারিয়া গ্রামের আলম গাজীর ছেলে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে ইউসুফ ফ্লাওয়ার মিলে কাজের অবসরে ওই ট্রাকাটির পেছনে বসে সময় কাটাচ্ছিলেন মৃত কাজলসহ কয়েকজন দিনমজুর। এ সময় ঢালুতে থাকা মালামাল ভরপুর ট্রাকটি চালু করতে গেলে হঠাৎ ট্রাকটি পেছনের দিকে দ্রুত ছুঁটে আসে। এ সময় সবাই দৌড়ে দু’পাশে ছুঁটে গেলেও কাজল ব্যর্থ হন। এ ঘটনায় ট্রাকের ডালায় পিষ্ট হয়ে সারা শরীরে সজোরে চাপ খায় কাজল। এতে তার কপালে রক্তাক্ত বড় ক্ষতসহ ডানহাত ভেঙ্গে যায়।
ঘটনাস্থলে এ বিষয়ে ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কুদ্দুস বলেন, সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ট্রাক ও হেলপারকে আটক করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
