ডেমরায় ব্যাটারি চালিত অটোরিকশা চুরি: গ্রেফতার ১
ডেমরা নিউজঃ ডেমরায় ব্যাটারি চালিত অটোরিকশা চুরির দায়ে মিরাজ জমাদার (২৮) নামে এক চোরকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় আল-আমিন (২৫) নামে সহযোগী আরেক চোর পালিয়ে যায়। রোববার দুপুরে মিরাজ সরদারকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে পালানোর সময় টহলরত পুলিশ পূর্ব ডগাইর মদিনাবাগ কোদালদোয়া এলাকা থেকে মিরাজ সরদারকে হাতেনাতে গ্রেফতার করে। সে পিরোজপুরের ইন্দুরকানি থানার চরখালি গ্রামের মৃত হোসেন জমাদারের ছেলে। এ বিষয়ে শনিবার রাতে ডেমরা থানায় উক্ত দুই চোরের বিরুদ্ধে মামলা করেন অটোরিকশার মালিক মো. মিজানুর রহমান (৫২)।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার বলেন, গত ১ বছর ধরে মিজানুর রহমান ওই রিকশাটি কিনে নিজেই চালাতেন। গত ৭ মে শনিবার ভোরে গ্যারেজ থেকে রিকশাটি চুরি করে পালাচ্ছিল মিরাজ ও ফার্মের মোড় এলাকায় বসবাসরত পলাতক চোর আল আমিন। এ সময় টহলরত পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সঠিক উত্তর দিতে পারেনি। তখন দৌড়ে পালিয়ে যায় আল আমিন।
