ডেমরায় ৬০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
ডেমরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মো. রেজাউল ইসলাম (৪০) ও খালেদা (২৫) নামে এক দম্পতি গ্রেফতার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা ও ৩ টি পুরাতন মোবাইল সেট উদ্ধার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। ওই দিন বিকালে ওই দম্পতিকে জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম টেংরা আমতলা ১৪৯/১৫ নং ফ্ল্যাট বাসার নিচতলার শয়ন কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ওই ফ্ল্যাট বাসার ভাড়াটিয়া। গ্রেফতার রেজাউল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার চাচিয়া গ্রামের মৃত কাছের উদ্দিনের ছেলে ও খালেদা কক্সবাজারের টেকনাফ থানার কুলাল পাড়া গ্রামের সৈয়দ করিমের মেয়ে। এ বিষয়ে ডেমরা থানায় শনিবার রাতেই তাদের বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই মো. ইকবাল হোসেন বলেন, গ্রেফতার মাদক চোরাকারবারি ওই দম্পতি মো. রেজাউল ইসলাম ও খালেদাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছি। তারা দীর্ঘ দিন ধরে ডেমরা ও আশপাশের এলাকাগুলোতে ইয়াবা বড়ি সরবরাহ ও বিক্রি করে যুবসমাজসহ মাদকসেবীদের জীবন ধ্বংস করে আসছিলো।
