leadnewsজাতীয়

ঢাকা-৫ আসনের উপনির্বাচন ১৭ই অক্টোবর ।

ডেমরা নিউজ: আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
রবিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর কমিশনের ৬৮তম বৈঠক শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।

এসময় তিনি পাবনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, এ আসনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২ সেপ্টেম্বর। মনোয়নপত্র যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর। আর ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনের তফসিল পরে ঘোষণা করা হবে বলে জানান সচিব।

সচিব আরও জানান, পাবনা-৪ আসনে ব্যালটে নির্বাচন হবে।

বার্ধক্যজনিত কারণে ৬ মে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

ইসি সচিব বলেন, ঢাকা-১০ আসনে নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ-১০ আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে।

সচিব জানান, করোনা ভাইরাসের সংক্রমণের দিকে নজর রেখে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে জনসভা, পথসভা, মিছিল এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন না প্রার্থীরা।