দেশে করোনাভাইরাসে প্রথম একজনের মৃত্যু : আইইডিসিআর
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৪ জনসহ মোট ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছে ১৬ জন। নতুন আক্রান্ত তিনজনের দুজন ইতালি ফেরত অন্যজন কুয়েত থেকে এসেছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এতথ্য জানান।
আইইডিসিআরের পরিচালক বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে এসে মৃত্যুবরণ করেছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার (১৭ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।’
হটলাইন নম্বর নিয়ে সবার অভিযোগ থাকায় নমুনা সংগ্রহে আইইডিসিআর ফেসবুক পেজ খুলেছে। এখন থেকে ফেসবুক পেজের পাশপাশি ইমেইলে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের বিষয়ে জানানো যাবে বলেও তিনি জানান।
