leadnewsরাজধানী

দৈনিক জনতা’র সম্পাদক, প্রকাশক ও সিনিয়র রিপোর্টারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলার প্রতিবাদে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম নিন্দা ও প্রতিবাদ

ডেমরা নিউজঃ

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক জনতা পত্রিকার সম্পাদক আহ্সান উল্লাহ্, প্রকাশক ছৈয়দ আন্ওয়ার ও সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম
ফোরামের সভাপতি মো. আলম হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হাসান কাজল এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মিথ্যা মামলা দায়ের করে সম্পাদক, প্রকাশক ও সিনিয়র সাংবাদিককে হয়রানি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। এতে বাক-স্বাধীনতা রুদ্ধ হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের এমন অপব্যবহারে আমরা উদ্বিগ্ন। বিবৃতিতে ফোরাম নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার নীতিমালা মেনেই গত ১৫ মার্চ দৈনিক জনতা পত্রিকায় ‘শাহজালালে সোনা ও মুদ্রা চোরাচালান চক্রের সন্ধান পেয়েছে পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন লিখেছেন সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান। প্রতিবেদনে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যও উল্লেখ করেছেন তিনি। তারপরও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
তারা আরো বলেন, সত্য ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনের কারণে একটি চক্র পত্রিকার কণ্ঠরোধ করার ঘৃণ্যপথ বেছে নিয়েছে। এজন্য একের পর এক সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানির অপচেষ্টা করছে। এই মামলার মধ্যদিয়ে ওই চক্রের কুৎসিত রূপ উন্মোচিত হলো।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহার ও দৈনিক জনতা পত্রিকার সম্পাদক আহ্সান উল্লাহ্, প্রকাশক ছৈয়দ আন্ওয়ার ও সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমানকে পুলিশি হয়রানি না করার দাবি জানিয়েছেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।