বাউফলে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নুরুল ইসলাম হাওলাদার নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর যখম করার এক সপ্তাহ পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হেসেন (জামসেদ)কে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন নিহতের স্বজনেরা ও এলাকাবাসী। আজ শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের সমনে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ইন্দ্রকুল গ্রামের দুই ভাই মো. বাহাউদ্দিন বাবুল (৬৫) ও মো. নাসির উদ্দিনের (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে ২৩ আগষ্ট মারামারির ঘটনা ঘটে।ওই সময় নাসির উদ্দিনের লোকজনের পক্ষে অবস্থান নেয় তাঁদেরই প্রতিবেশি ও স্বজন নূরুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ বাহাউদ্দিন বাবুলের ছেলে মো. জামশেদ (৩৫) গত ২৪ আগষ্ট (শনিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে নূরুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেè নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১ সেপ্টেম্বর বিকেলে নূরুল ইসলামকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত পৌনে একটার দিকে মারা যান তিনি। এ ঘটনায় জামশেদকে প্রধান আসামি করে সাত ব্যক্তির নামে ২৬ আগষ্ট (সোমবার) নূরুল ইসলামের মেয়ে মোসা. সালমা সুলতানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সাত আসামির মধ্যে তিন আসামি কারাগারে আছেন ও তিনজন জামিনে আছেন। তবে প্রধান আসামি জামশেদকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
