leadnewsসারা দেশ

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে নারীকে ধর্ষণ

পুলিশ পরিচয়ে কক্সবাজার আদালতপাড়া থেকে নারীকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় প্রধান আসামিসহ তিনজনকে ১০ অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। তবে ওই মামলায় দুই নম্বর আসামি পুলিশ পরিচয়দানকারী মো. রাসেল অধরা থেকে গেছে।

শুক্রবার রাতে নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের নাপিতখালী থেকে একটি বিদেশি পিস্তল ও ৯ দেশীয় তৈরি বন্দুকসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো— ঈদগাঁওয়ের রমজান আলী মেম্বারের ছেলে বর্তমানে ফকিরাবাজার এলাকায় বসবাসকারী ফিরোজ আহমদ (৪৭) প্রকাশ মোস্তাক ডাকাত লোদা মিয়ার ছেলে নুরুল ইসলাম এবং ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের ফকিরাবাজার এলাকার মৃত আব্দুল গনির ছেলে মো. শরীফ প্রকাশ শরীফ কোম্পানি।

ফিরোজ ও শরীফ প্রায় ১২টি মামলার পলাতক আসামি। তাদের বিরুদ্ধে, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, চাঁদাবাজি, সন্ত্রাসী, পাহাড় কাটা, সরকারি পাহাড় দখল, বনের গাছ কেটে বিক্রি, পরিবেশ ধ্বংস, হত্যা, অপহরণ, ডাকাতি, মাদক ব্যবসা এবং হত্যাচেষ্টা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন র‌্যাব ১৫-এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শীর্ষ ডাকাত মোস্তাক এবং হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধের মূলহোতা মো. শরীফ। তারা এলাকার আতঙ্কের নাম। তারা দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করে অপরাধ চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে নির্যাতনসহ বিভিন্নভাবে হয়রানি করে। সর্বশেষ ১৪ মার্চ কক্সবাজার আদালত চত্বর থেকে ফিরোজ ও শরিফের নেতৃত্বে এক নারীকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়।