বাউফলে নৌকা ডুবিতে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার
তোফাজ্জেল হোসেন, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দ্বিতল লঞ্চের ধাক্কায় নদীতে খেয়া ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার কারা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে নুরাইনপুর খেয়াঘাট এলাকা থেকে স্বামী আসলাম শরীফের লাশ এবং ৪ টার দিকে একই নদীর তালতলী এলাকা থেকে স্ত্রী জান্নাতুল ফেরদাউসের লাশ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির এস.আই মোঃ সোহাগ ফকির ।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল -৪ যাত্রীবাহী লঞ্চ নুরাইনপুর লঞ্চঘাটে ঘাট দেয়। এরপর ছেড়ে যাবার সময় ১০/১২ জন লোক ভর্তি একটি খেয়া নৌকাকে ধাক্কা দিলে নদীতে ডুবে যায় নৌকাটি। এ সময়ে আনোয়ার নামে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয়রা ও সার্ভিসের ডুবুরীরা কয়েক ঘন্টা উদ্ধার অভিযান চালালেও ওই দম্পতিকে উদ্ধার করা সম্ভাব হয়নি। আজ শুক্রবার বিকেলে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ নুরাইনপুর খেয়াঘাট ও তালতলি এলাকায় নদীতে ভেসে ওঠে। পরে লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
