বাবরি মসজিদ মামলায় লালকৃষ্ণ আদভানিসহ ২১ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা
বাবরি মসজিদ মামলায় মুরলি মনোহর জোশী, উমা ভারতী এবং লালকৃষ্ণ আদভানিসহ ২১ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালাতে সিবিআইকে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
আজ বুধবার বিচারপতি পি সি ঘোষ এবং বিচারপতি আর এফ নরিম্যান-এর বেঞ্চ এই নির্দেশ দেন। পাশাপাশি, রায়বরেলি এবং লখনৌ আদালতকে দুই বছরের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন।
এর আগে সিবিআই সুপ্রিম কোর্টে ওই নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালানোর অনুমতির আদেবন জানিয়েছিল। তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে শেষমেশ রায় দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে শুনানি হবে।
এর আগে আদভানি, যোশি ও উমাসহ ১৩জন শীর্ষ বিজেপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সরিয়ে নেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন হাজি মাহমুদ আহমেদ (বর্তমানে তিনি মৃত) নামে এক ব্যক্তি ও সিবিআই।
তবে রাজ্যপালের পদে থাকা কল্যাণ সিংকে এই মামলার বাইরে রাখা হয়েছে। সেই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তার বিরুদ্ধে এই মামলা চালু করা হবে। নিন্ম আদালতগুলোকে প্রতিদিন এ বিষয়ে শুনানি চালু রাখতে হবে। পাশাপাশি, যে সব বিচারকরা এই মামলার সঙ্গে জড়িত, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও ভাবেই তাদের বদলি করা যাবে না।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসে পৃথক দুইটি আদালতে মামলা হয়। প্রথম মামলাটি হয় করসেবকদের বিরুদ্ধে লখনৌ আদালতে এবং শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয় রায়বরেলি আদালতে।
বিচারপতি পি সি ঘোষ এবং বিচারপতি আর এফ নরিম্যান-এর বেঞ্চ গত ৬ এপ্রিল ইঙ্গিত দিয়েছিলেন দুই আদালতের মামলারই একসঙ্গে শুনানি হতে পারে। বাবরি মসজিদ নিয়ে মামলা চলছে ২৫ বছর ধরে। তাই মামলাটি দুইবছরের মধ্যে নিষ্পত্তি করতে দুই আদালতকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
