leadnewsখেলা

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মোস্তাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও ছয়বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে সবকবারই প্রোটিয়াদের কাছে হার মেনেছিল টাইগাররা। আজ অধরা সেই জয়ের পাশাপাশি সুপার টুয়েলভেও প্রথম জয় পেতে উন্মুখ লাল-সবুজ জার্সিধারীরা। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে এদিন টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামবেন তারা।

সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচটিতে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফ ফর্মে থাকা মোস্তাফিজের বদলি নামানো হচ্ছে নাসুম আহমেদকে। জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে তরুণ হার্ডহিটিং ব্যাটসম্যান শামিম হোসেনের। চোটে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের বদলি হিসেবে দলে ঢুকেছেন তিনি। সেমিফাইনালের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে প্রোটিয়ারা নামছেন অপরিবর্তিত একাদশ নিয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন হারে ইতিমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে অবশ্য সেমিফাইনালের ক্ষীণ আশাও আছে। কিন্তু সেটা বাস্তবতায় আসতে অনেক কিছু মিরাকল একসঙ্গে ঘটতে হবে। যা আসলেই অবাস্তব। তবে বাংলাদেশের বর্তমান লক্ষ্য আসরের বাকি থাকা ম্যাচ দুটি জিতে শেষটা মধুর করা এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপের রসদ গোছানো।

বিপরীতে সেমিফাইনালের পথে দারুণ ভাবে এগোচ্ছে প্রোটিয়ারা। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে দু’টি করে জয় পেয়ে রয়েছে ভালো অবস্থানে। আজ জিতে সেই পথে আরো একটু এগিয়ে যেতে চাইবে টেম্বা বাভুমার দলও।

বাংলাদেশে একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক), শামিম হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রেজা হেন্ডরিকস, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্তজে ও তাবরাইজ শামসি।