যাত্রাবাড়ীতে মাদকসহ দুই কারবারি আটক
যাত্রাবাড়ী এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৩। এ সময়ে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ২৯৫ বোতল ফেনসিডিল এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-মো. ফায়েক সিকদার এবং মো. মেহেদী হাসান ওরফে বাবু।
মঙ্গলবার দুপুরে র্যাব-৩ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৩ জানতে পারে যে, কিছু মাদক চোরাকারবারি একটি প্রাইভেটকারে নোয়াখালী থেকে ঢাকার দিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ফেনসিডিলের চালান নিয়ে আসছে। ওই খবর পেয়ে র্যাব-৩ এর দল মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. ফায়েক সিকদার এবং মো. মেহেদী হাসান ওরফে বাবু নামের দুই মাদক চোরাকারবারি চক্রের সদস্যকে আটক করা হয়।
র্যাব জানায়, সেখানে উপস্থিত সাক্ষীদের সামনে ওই প্রাইভেটকারটি তল্লাশি করে প্রাইভেটকারের পেছনের ছিটের নিচ থেকে একটি পাটের বস্তা, একটি ট্রলি ব্যাগ এবং একটি স্কুল ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা, ২৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ফেনসিডিল কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনের একটি মামলা করা হয়েছে।
