রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জ প্রতিনিধিঃশীতলক্ষ্যা নদীকে দখলমুক্ত করতে দুই পাড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এদিকে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের অনেক ডকইয়ার্ড ও শিল্প প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়নি। বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এসকল ডকইয়ার্ড ও শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অংকের মাসোয়ারা নেন বলে এলাকাবাসীর অভিযোগ। শীতলক্ষ্যা নদী দখলমুক্ত করতে সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবি এলাকাবাসীর।
উচ্ছেদ অভিযানে, উপজেলার পূর্বগ্রাম এলাকায় নদীর তীরভূমি অবৈধভাবে দখল করে পাকা দেয়াল নির্মাণ করায় সিটি গ্রুপের ১০০ ফুট দৈর্ঘ্যের দেয়াল, তারাবো পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মফিজের নির্মিত একটি পাকা স্থাপনা, ৪টি দেয়ালসহ বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া শীতলক্ষ্যা নদী দখলের অভিযোগে খান ডকইয়ার্ডকে ২ লাখ টাকা, মেটাল সেন্টার ডকইয়ার্ডকে ৫০ হাজার টাকা এবং অবৈধভাবে স্থাপনা ও বালুর গদি পরিচালনা করায় তারাবো পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মফিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক মো. শহিদুল্লাহ জানান, প্রথম দিনের অভিযানে সিটি গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৩টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবারও ওই এলাকায় অভিযান চলবে।
