রূপগঞ্জে আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষ, নিহত ১
রূপগঞ্জ উপজেলার হাবিবনগর এলাকার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে আওয়ামী লীগের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সুমন আহমেদ (৩০) নামে যুবলীগের ১নং ওয়ার্ডের এক নেতা নিহত হয়েছেন। এছাড়া সাংবাদিক, পুলিশসহ শতাধিক আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় পাঁচ শতাধিক রাউন্ড টিয়ারসেল ও গুলি বর্ষণ করে। এসময় পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে উপজেলার হাবিবনগর এলাকার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক সমর্থিত নেতাকর্মীরা অবস্থান নেয়।
অপরদিকে তাদের ৫০০ গজের মধ্যে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) সমর্থিত নেতাকর্মীরা অবস্থান নেয়। সকাল ১০টা থেকেই উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দিতে থাকে। এছাড়া এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
