রূপগঞ্জে ডাকাতের গুলিতে ডাকাত সরদার নিহত, অস্ত্র-গুলি উদ্ধার
জাহাঙ্গীর আলম হানিফ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি মামলামালের ভাগভাটোয়ারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ডাকাতের গুলিতে ডাকাত সরদার দেলোয়ার হোসেন ওরফে রাজা (২৮) নিহত হয়েছেন। পুলিশ ডাকাতদের ব্যবহৃত সোটারগান ও গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার পুর্বাচল উপ-শহরের ৮নং সেক্টর এলাকায় ঘটে এ ঘটনা। নিহত দেলোয়ার হোসেন ওরফে রাজা রাজধানীর গেন্ডারিয়া এলাকার ফুল মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, যে কোন স্থানে ডাকাতি করার পর পুর্বাচল উপ-শহরের ৮নং সেক্টরে ৭ থেকে ৮ জনের একদল ডাকাত ডাকাতির মালামাল ভাগভাটোয়ারা করছিলো। এসময় ভাগভাটোয়ারা নিয়ে ডাকাতদের নিজেদের মধ্যে গুলাগুলি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ ডাকাতের গুলিতে ডাকাত সরদার দেলোয়ার হোসেন ওরফে রাজা গুরুতর আহত হয়। গুলাগুলির সংবাদ পেয়ে ৩০০ ফুট রাস্তায় টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি সোটারগাট ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আহত ডাকাত সরদার দেলোয়ার হোসেন ওরফে রাজাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, নিহত দেলোয়ার হোসেন ওরফে রাজার বিরুদ্ধে বন্দর, সোনারগাঁও, গাইবান্ধাসহ বিভিন্ন থানায় ডজন খানেকের মতো ডাকাতি মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাতদলের সরদার বলে জানা গেছে। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
